শিক্ষক দিবসে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’, সম্মানিত ফালাকাটার প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায়চৌধুরী।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক দিবসে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’-এ ভূষিত হলেন আলিপুরদুয়ারের ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায়চৌধুরী। শনিবার শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ডঃ প্রবীর রায়চৌধুরী ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ পেয়ে ড. প্রবীর রায় চৌধুরী বলেন, “এই সম্মান আমাকে গর্বিত এবং অনুপ্রাণিত করেছে। শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মান আমাকে আগামী দিনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

