বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা বাড়ল ৫০০ টাকা, মাসে মিলবে ১,৫০০।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের প্রবীণ, বিধবা ও দিব্যাঙ্গ উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা বর্ধিত হারে দেওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এতদিন এই তিন ধরনের সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ছিল মাসিক ১,০০০ টাকা। এবার তা ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ১,৫০০ টাকা করা হয়েছে। মঙ্গলবার থেকেই বর্ধিত হারে ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি ব্যবস্থায় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়া হবে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই উপভোক্তাদের কাছে সরকারি সহায়তার টাকা পৌঁছবে বলে জানানো হয়েছে।

বর্ধিত ভাতার ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের আর্থিক সহায়তা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *