‘ছেলে-মেয়ে সমান’ বার্তায় মাধবডিহি হাসপাতালে লিঙ্গ সমতা বিষয়ক সচেতনতা শিবির।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: “ছেলে হোক বা মেয়ে—কেউ কারও থেকে কম নয়”—এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জুলাই) পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি হাসপাতালে এক প্রজেক্টভিত্তিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
মাধবডিহি হাসপাতালের বিএমওএইচ ডাঃ মজিবর রহমানের তত্ত্বাবধানে হাসপাতালের মিটিং হলে আয়োজিত এই শিবিরে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। কর্মসূচিতে লিঙ্গ সমতা, শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্যবিধি এবং পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, দলগত কার্যক্রম এবং গেম-ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে তারা সহজ ও আনন্দদায়ক উপায়ে বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে পারে।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাধবডিহি হাসপাতালের সকল দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন এবং শিবির পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

