আট দফা দাবিতে জলপাইগুড়িতে AKSU-এর আন্দোলন, বিভাগীয় কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:– উত্তরবঙ্গের ভূমিপুত্রদের জমি ও ভাষার অধিকার রক্ষা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন (AKSU)। সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

সংগঠনের দাবি, স্মারকলিপি জমা দেওয়ার সময় রাজবংশী ও কামতাপুরি সমাজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটি বড় অংশ জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন। AKSU-এর দাবি, এই কর্মসূচিতে ১,৫০০-রও বেশি ছাত্রছাত্রী ও অভিভাবক অংশ নেন।

স্মারকলিপিতে রাজবংশী ভাষাকে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, এই ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও সংরক্ষণের জন্য দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন।

এর পাশাপাশি কামতাপুর তথা রাজবংশী সম্প্রদায়ের মানুষের পৈতৃক ভিটেমাটি ও জমি বেআইনি দখল থেকে রক্ষার জন্য প্রশাসনিক ও আইনি সুরক্ষার দাবি জানিয়েছে সংগঠনটি। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো, বিশেষ বৃত্তির ব্যবস্থা এবং স্থানীয় স্তরে কর্মসংস্থানের পরিকাঠামো গড়ে তোলার দাবিও জানানো হয়েছে। AKSU-এর বক্তব্য, কর্মসংস্থানের সুযোগ বাড়লে উত্তরবঙ্গের যুবসমাজকে কাজের সন্ধানে ভিনরাজ্যে পরিযান করার প্রবণতা কমানো সম্ভব হবে।

সংগঠনের নেতৃত্বের দাবি, এই দাবিগুলির গুরুত্বের কারণেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে এই কর্মসূচি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

একইসঙ্গে AKSU-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলির বিষয়ে প্রশাসনের তরফে দ্রুত কোনও ইতিবাচক পদক্ষেপ না হলে আগামী দিনে উত্তরবঙ্গজুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে।

সংগঠনের দাবিগুলির বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *