৫ অক্টোবর বুনিয়াদপুরে কল্যাণের কর্মসূচি, প্রস্তুতিতে কুমারগঞ্জে তৃণমূলের কর্মিসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৫ অক্টোবর দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তৃণমূল নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে শুক্রবার কুমারগঞ্জের গোপালগঞ্জে দলের উদ্যোগে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, মফিজুদ্দিন মিঞা, নিখিল সিংহ রায়, তৃণমূলের কুমারগঞ্জ ব্লক সভাপতি গণেশ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু দলীয় কর্মী-সমর্থক সভায় যোগ দেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ অক্টোবর বুনিয়াদপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ব্লকের বিভিন্ন বুথ ও অঞ্চল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়া এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের মধ্যে কর্মসূচি সম্পর্কে প্রচার চালানোর কথাও বলা হয়।

এদিনের সভায় দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয় বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আগামী কর্মসূচিকে সফল করতে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। সভাকে ঘিরে গোপালগঞ্জ এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *