সবুজায়নের বার্তা নিয়ে বিদ্যালয় থেকে পার্ক— একাধিক কর্মসূচিতে অংশ মন্ত্রীর।
মালদা, নিজস্ব সংবাদদাতা :-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার মালদার বামনগোলা ব্লকে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।
এদিন প্রথমে পাকুয়াহাটের আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
পরবর্তীতে তিনি ১২ মাইল এলাকার টাইগার হিল পার্কে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। এরপর বামনগোলার মোদী পুকুর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত পরিবেশ দিবসের কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি-সহ ব্লকের বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

