অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহ, নিজ হাতে ফর্ম পূরণ করালেন বিধায়ক।

মালদা, নিজস্বসংবাদদাতা:— রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে আগামী জুন মাস থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতিমাসে পাবেন তিন হাজার টাকা করে। তাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে আগ্রহী মহিলাদের জন্য চালু হয়েছে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। সেই সূত্র ধরেই শুক্রবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে, ফর্ম ফিল আপ করে মহিলাদের মধ্যে খুশির জোয়ার বইয়ে দিলেন মালদা বিধানসভার নব নির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিতে যান। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্মী-আধিকারিকরা মিলে নব নির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা, অভিনন্দন জানান। তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিধায়ক গোপাল চন্দ্র সাহা নিজ হাতে গ্রামের মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেন। তবে শুধু ফর্ম বিলি করা নয়। তিনি নিজ হাতে বেশকিছু মহিলাদের ফর্ম ফিল আপ করেন। ফর্ম ফিল আপ-এর পর বিধায়ক সাহেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের প্রতিমাসে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার গঠনের পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাও এই ফর্ম ফিল আপ করার পরেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *