একাধিক চুরির রহস্যভেদ, পুলিশি জেরায় মিলল সূত্র—উদ্ধার লক্ষাধিক টাকার গয়না ও ₹১.১৩ লক্ষ নগদ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েক দিনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে বাড়িতে চুরির একাধিক অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রতিটি ঘটনার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় ।পরবর্তীতে আদালতের নির্দেশে অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই সূত্র ধরে পুলিশ প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না এবং ১ লক্ষ ১৩ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরির ঘটনাগুলোর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে অন্য কোনো মামলার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

