সামান্য বৃষ্টিতেই জলমগ্ন স্কুল, বিষাক্ত আগাছা ও পুকুর ঘিরে নিরাপত্তাহীনতায় আতঙ্ক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বহরমপুরের হরিদাসমাটির কৃষ্ণমাটি জিএসপি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই জল জমে হাঁটু সমান হয়ে যায়। সেই জল ও কাদা ভেদ করেই প্রতিদিন স্কুলে প্রবেশ করতে হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় চত্বরে জল জমে থাকার পাশাপাশি চারপাশ বিষাক্ত আগাছায় ভরে গেছে। এতে সাপ-সহ অন্যান্য বিষাক্ত প্রাণীর উপদ্রবের আশঙ্কাও বাড়ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বিদ্যালয়ের একেবারে পাশেই রয়েছে একটি পুকুর। অথচ সেখানে নেই কোনও নিরাপত্তা প্রাচীর বা গার্ডওয়াল। ফলে অসাবধানতাবশত যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

তাদের দাবি, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে দ্রুত জলনিকাশি ব্যবস্থার উন্নতি, বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং পুকুরের চারপাশে নিরাপত্তা প্রাচীর নির্মাণে প্রশাসন অবিলম্বে উদ্যোগ নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *