বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে সচেতনতার বার্তা রোটারির।
কলকাতা। নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সমাজে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১। রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ সাবার্বানের উদ্যোগে এবং আরসিসি বারুইপাড়া যুবক সংঘ ও আরসিসি যুবক সংঘের সহযোগিতায় দক্ষিণেশ্বর ও সংলগ্ন এলাকায় আয়োজিত হয় সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই জিনগত রোগ থেকে মুক্ত রাখার বার্তা পৌঁছে দেওয়া। রাস্তায় নেমে অংশগ্রহণকারীরা মানুষের হাতে সচেতনতা মূলক লিফলেট তুলে দেন এবং থ্যালাসিমিয়া প্রতিরোধে প্রয়োজনীয় বার্তা প্রচার করেন।
রোটারি ক্লাবের পক্ষ থেকে ডিস্ট্রিক্টের জোনাল সেক্রেটারি রঞ্জন বসু জানান, থ্যালাসিমিয়া এমন একটি জটিল রোগ, যেখানে আক্রান্ত শিশুদের নিয়মিত চিকিৎসা ও রক্ত নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তাই সময়মতো সচেতনতা, রক্ত পরীক্ষা এবং সঠিক পরামর্শের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব।
তিনি আরও বলেন, যেমনভাবে রোটারি সারা বিশ্বে পোলিও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক তেমনভাবেই সম্মিলিত প্রচেষ্টায় থ্যালাসিমিয়াকেও একদিন নির্মূল করা সম্ভব।
এছাড়াও স্কুল, কলেজ ও বিভিন্ন ক্লাবে সচেতনতা শিবির এবং প্রচার কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে থ্যালাসিমিয়া সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১। হাওড়া, শিয়ালদহ সহ একাধিক এলাকায় ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে।
বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ সচেতনতার বার্তাই তুলে ধরল রোটারি পরিবার।

