সামশেরগঞ্জে পুলিশের জোড়া সাফল্য, গ্রেপ্তার ৮।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জ থানা আইসি সুব্রত ঘোষ এর নেতৃত্বে আবারো বড়সড় সাফল্য পেল পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত্রে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বড়সড় সাফল্য মিলল। একটি অভিযানে জুয়ার ঠেক থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ এক ব্যক্তিকে হাতে-নাতে ধরেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে সামশেরগঞ্জের চাঁদনিদোহা এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইতাব আলী, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ, বাপন সরকার ।ধৃতদের কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা উদ্ধার হয়েছে।
অন্যদিকে, সামশেরগঞ্জের কলাবাগান ঘাট এলাকায় পাচারের আগেই উদ্ধার হলো জাল নোট। একটি স্কুলব্যাগে করে বিপুল পরিমাণ জালনোট নিয়ে আসার পথে পুলিশের হাতে ধরা পড়ে এক পাচারকারী। ধৃতের নাম মন্টু শেখ (৩৭) সে লালগোলা থানার লালডহরি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি একটি সাধারণ স্কুল ব্যাগে করে জানলোট নিয়ে আসছিল সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে মোট ৫১ হাজার টাকা জাল নোট উদ্ধার হয়।
আজ শুক্রবার সামশেরগঞ্জ থানা থেকে কড়া নিরাপত্তায় ধৃত আটজনকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ মূলক কাজ রুখতে পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে বলে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। সামশেরগঞ্জ থানার এই সক্রিয় ভূমিকা সাধারন মানুষের প্রশংসা কুড়িয়েছে।

