রাস্তার উপর জল, দুর্গন্ধে নাজেহাল! নিশ্চিন্দার ১৯৫ ও ১৯২ বুথে দীর্ঘদিনের জল-যন্ত্রণা।
হাওড়া, নিজস্ব সংবাদদাতা: বেহাল রাস্তা, দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জল এবং দুর্গন্ধ—এই তিন সমস্যায় কার্যত নাজেহাল হাওড়ার ডোমজুড় বিধানসভার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের ১৯৫ ও ১৯২ নম্বর বুথের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন রাস্তার উপর জমে রয়েছে নোংরা জল। সেই জল পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে জল জমে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি জমা জলে মশার উপদ্রবও বাড়ছে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যার কথা জানিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পর মাঝে মধ্যে রাস্তার জমা জল পরিষ্কার করা কিংবা নর্দমার জল সরানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই উদ্যোগ স্থায়ী সমাধান এনে দিতে পারেনি। কয়েকদিন পরেই ফের একই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এই এলাকায় রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, সেখানেও জমা জল ঢুকে পড়েছে। ছোট ছোট শিশুদের এমন পরিবেশের মধ্যে কীভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
পঞ্চায়েত সদস্যকে ঘিরেও ক্ষোভ
সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে এলাকায় নিয়মিতভাবে সমস্যার খোঁজ নিতে দেখা যায় না। অনেক সময় সমস্যার কথা জানাতে গিয়েও তাঁকে পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের।
রাস্তার বেহাল দশা, জমে থাকা নোংরা জল, দুর্গন্ধ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে জল ঢোকার অভিযোগ—সব মিলিয়ে নিশ্চিন্দার ওই এলাকায় তৈরি হয়েছে দুর্ভোগের পরিস্থিতি।
এখন স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দীর্ঘদিনের এই জল-যন্ত্রণা থেকে কবে মিলবে স্থায়ী সমাধান? পঞ্চায়েতের পক্ষ থেকে কবে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ? বিস্তারিত শুনুন স্থানীয় বাসিন্দাদের মুখ থেকেই।

