দুর্গাপুজোয় নিরাপত্তা ও সরকারি নির্দেশিকা মানার বার্তা, চন্দ্রকোনারোডে প্রশাসনিক বৈঠক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসবকে সামনে রেখে ব্লকের সমস্ত দুর্গাপুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল গড়বেতা ৩ নম্বর ব্লক প্রশাসন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনারোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য-সহ প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক। দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সরকারি নির্দেশিকা ও নিয়ম মেনে পুজো পরিচালিত হয়, সেই বিষয়গুলিই মূলত বৈঠকে তুলে ধরা হয়। পুজো কমিটিগুলির পক্ষ থেকে মণ্ডপ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের নির্দেশ ও পরামর্শ নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে পুজো চলাকালীন প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও পুজো কমিটিগুলিকে বার্তা দেওয়া হয়। দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে সরকারি নিয়মকানুন মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *