পুজো পোর্টালে তথ্য আপলোডের প্রশিক্ষণ, গাজোলে পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক সভা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—আসন্ন দুর্গাপুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে মালদার গাজোলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা। বুধবার বিকালের শেষভাগে, গাজোল পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে অন্নদাশঙ্কর সদনের দোতলায় এই বিশেষ সভার আয়োজন করা হয়। এলাকার দুর্গাপুজো উৎসব কমিটিগুলোকে নিয়ে আয়োজিত এই সভায় মূল আলোচ্য বিষয় ছিল উৎসবের দিনগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি নিয়মাবলীর সঠিক পালন।এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো সরকারি পুজো পোর্টালে ক্লাবের সমস্ত তথ্য নথিভুক্ত করা। পুজো উদ্যোক্তারা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন, তার জন্য সভায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রজেক্টরের পর্দার মাধ্যমে ভিজ্যুয়ালের সাহায্যে পুজো পোর্টালে কীভাবে নিখুঁতভাবে সমস্ত তথ্য আপলোড করতে হবে, তা উদ্যোক্তাদের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয়।এই সভায় উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ এবং গাজোল থানার আই সি কৌশিক ব্যানার্জি। এ ছাড়াও বিদ্যুৎ দপ্তর ও দমকল দপ্তরের পদস্থ আধিকারিক সহ ব্লক ও পুলিশ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। গাজোল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা পুজো উদ্যোক্তা ও কমিটির প্রতিনিধিরা এই সভায় অংশ নেন এবং প্রশাসনের তরফ থেকে তাঁদের সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

