রাজনৈতিক পরিবর্তনের পর মাঠে ফিরল খেলাধুলার পরিবেশ, দাবি গ্রামবাসীদের।

ধুপগুড়ি , নিজস্ব সংবাদদাতা:- খেলার মাঠে মদের আসরের বসানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে,বিজেপি ক্ষমতায় আসতেই ধূপগুড়িতে গোবর জলে মাঠ ‘শুদ্ধিকরণ’ খেলোয়াড় সহ গ্রামবাসীদের

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খেলার মাঠে রাজনৈতিক কর্মসূচি ও মদের আসর বসানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৎকালীন বিরোধী দল ও গ্রামবাসীদের প্রতিবাদের তোয়াক্কা না করেই সেই সময় অনুষ্ঠান চালানো হয়েছিল বলে খবর প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর, আজ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভার ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। স্থানীয় খেলোয়াড় ও গ্রামবাসীরা একত্রিত হয়ে যুব সংঘ ক্লাবের ফুটবল মাঠটি গোবর জল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করলেন। ক্লাবের সেক্রেটারি সূত্রে খবর, উত্তর কাঠুলিয়া গ্রামের এই মাঠে দীর্ঘ ২৬ বছর ধরে খেলাধুলা চলছে। গত ২৫ বছর এই মাঠ সম্পূর্ণ অরাজনৈতিক ছিল। অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষার নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের তরফে এখানে ডিজে বাজিয়ে আনন্দ-ফুর্তির আসর বসানো হয়েছিল। আজ ওই এলাকায় বিজেপির বিজয় মিছিল হওয়ার কথা। তার আগেই ক্লাবের কর্মকর্তা ও গ্রামবাসীরা মাঠটি পরিষ্কার ও শুদ্ধ করেন। আজ থেকেই মাঠটি আবার খেলোয়াড়দের জন্য পুরোনো ছন্দে ফিরবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *