বছরের পর বছর জলযন্ত্রণা, সাপুঁইপাড়ায় ক্ষোভের বিস্ফোরণ—পঞ্চায়েত সদস্যাকে ঘিরে বিক্ষোভ।

ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া–বসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা যেন নিত্যসঙ্গী। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান জল—বর্ষাকাল তো বটেই, বছরের বিভিন্ন সময়েই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।
সাপুঁইপাড়ার মিতালি সংঘ থেকে শুরু করে প্রান্তিক, জামতলা, সাপুঁইপাড়া, রবীন্দ্র কল্যাণী, বসুকাটি, চাপামারি, অভয়নগর, অরবিন্দনগর-সহ একাধিক এলাকা কার্যত বছরের একটা বড় সময় জলযন্ত্রণায় ভোগে। জলমগ্ন রাস্তায় যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সমস্যায় পড়ছেন শিশু, বয়স্ক থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া এবং কর্মজীবী মানুষজনও।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চলে আসছে। ভোটের সময় রাজনৈতিক নেতারা এলাকায় এসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতির আর দেখা মেলে না।
স্থানীয়দের আরও অভিযোগ, ডোমজুড় বিধানসভায় বর্তমান জয়ী বিধায়ক তাপস মাইতি নির্বাচনের পর প্রায় চার মাস কেটে গেলেও এখনও পর্যন্ত এই সমস্যাকবলিত এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেননি।
তবে একাধিকবার সংবাদমাধ্যমে এই জলযন্ত্রণার খবর প্রকাশিত হওয়ার পর অবশেষে এলাকায় আসেন বিডিও। তাঁর সামনে নিজেদের ক্ষোভ ও সমস্যার কথা তুলে ধরে প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা।
এবার সেই ক্ষোভের আঁচ পৌঁছল পঞ্চায়েত স্তরেও। দীর্ঘদিন পর এলাকায় পঞ্চায়েত সদস্যাকে দেখতে পেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের একটাই দাবি—প্রতিশ্রুতি নয়, এবার চাই স্থায়ী সমাধান।
প্রশ্ন উঠছে, বছরের পর বছর ধরে কেন এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না সাপুঁইপাড়ার মানুষ? কোথায় গিয়ে আটকে রয়েছে সমস্যার স্থায়ী সমাধান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *