যেকোনও দিন গঙ্গায় তলিয়ে যেতে পারে শিবমন্দির! রক্ষায় সংস্কার ও সরকারি উদ্যোগের আশ্বাস।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার ভাঙনে ক্রমশ বিপন্ন পূর্বস্থলীর কমলনগর ফেরিঘাটের ঐতিহ্যবাহী শিবমন্দির। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনও দিন মন্দিরটি গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্দিরটির বিপন্নতার ছবি ছড়িয়ে পড়লেও প্রশাসনের তরফে এখনও কোনও দৃশ্যমান উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে। এরপর মাজিদা অঞ্চলবাসীর উদ্যোগে গড়ে ওঠে ‘মঠ মন্দির সংস্কার কমিটি’। কমিটির সভাপতি গৌড় ঘোষ-সহ সদস্যরা বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

এরই মধ্যে, নিজেদের আর্থিক সহায়তায় একসময় এই মন্দিরটি নির্মাণে সহযোগিতা করা ধর কনস্ট্রাকশন পরিবারের সদস্যরা কমলনগর ঘাটে এসে পরিস্থিতির খোঁজখবর নেন। পরিবারের তরফে জানানো হয়, নিজেদের উদ্যোগেই মন্দিরটি সংস্কার করতে তাঁরা প্রস্তুত। প্রয়োজনীয় অর্থের জোগানও তাঁরাই দেবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলতি মাসের শেষ থেকেই কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় কমলনগর জল প্রকল্পের কাছে মঠ মন্দির সংস্কার কমিটি ও বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভায় যোগ দেন স্বামী প্রজ্ঞানন্দজি ওরফে কার্তিক মহারাজ। তিনি বলেন, ইঞ্জিনিয়ার দিয়ে মন্দির ও গঙ্গাভাঙনের পরিস্থিতি পরিদর্শন করিয়ে প্ল্যান-এস্টিমেট তৈরি করতে হবে। সেটি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন করানোর চেষ্টা করবেন তিনি।

এদিন মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। এখন তাঁদের একটাই প্রশ্ন—স্থায়ী সমাধানের উদ্যোগের পাশাপাশি আপাতত গঙ্গার ভাঙনের হাত থেকে ঐতিহ্যবাহী শিবমন্দিরটিকে বাঁচাতে আগে কোন পদক্ষেপ নেওয়া হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *