দীর্ঘ রাজনৈতিক জটিলতার অবসান, অর্জুনপুর পঞ্চায়েতের নতুন প্রধান শাকিলা বিবি।
ফারাক্কা, নিজস্ব সংবাদদাতা:- ফারাক্কা ব্লকের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে কাটল দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতা। প্রাক্তন প্রধান সাবিনা বিবি অপসারিত হওয়ার পর এতদিন পঞ্চায়েতের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিলেন উপপ্রধান বদরুল হক। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শাকিলা বিবি।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ সদস্য বিশিষ্ট অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে আসন সংখ্যা ২৪ (একজন সদস্যের মৃত্যুর কারণে একটি আসন শূন্য রয়েছে)। অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের নবগঠিত বোর্ড গঠনে শাকিলা বিবির পক্ষে সমর্থন জানান পঞ্চায়েতের ২৪ জন সদস্যর মধ্যে ১৮টি এবং বিরোধী শূন্য । দলমত নির্বিশেষে সমস্ত সদস্যদের পূর্ণ সমর্থনে পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হন তিনি।
নতুন প্রধানের নাম ঘোষণার পরপরই অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত চত্বর উৎসবের আঙিনায় পরিণত হয়। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। পঞ্চায়েত অফিসের সামনে শুরু হয় আবির খেলা ও একে অপরকে মিষ্টি মুখ করানোর পর্ব। পঞ্চায়েত চত্বরে উড়তে দেখা যায় কংগ্রেসের দলীয় পতাকা।
দায়িত্ব গ্রহণের পর নতুন প্রধান শাকিলা বিবি জানান, অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বকেয়া উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। পাশাপাশি, এলাকার মানুষের জল, রাস্তা ও অন্যান্য সামাজিক পরিষেবা নিশ্চিত করতে তিনি সব পক্ষের সহযোগিতা নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

