বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন।
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাতড়া মহকুমা হাসপাতালে। আঘাত কারোরই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বেপরোয়া গতিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে একটি দুধ বহনকারী পিক আপ ভ্যান খাতড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বেসরকারী যাত্রীবাহী বাস খাতড়া আদিবাসী কলেজের কাছাকাছি আসতেই বেপরোয়া গতিতে থাকা পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুটি গাড়ির সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিক আপ ভ্যানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দিয়ে গাছ সহ রাস্তার ধারে উল্টে যায়। ঘটনা চোখে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

