নাবালিকা ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, স্কুলে উত্তেজনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— শিক্ষাঙ্গনের পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি ঘটনা। এক প্রৌঢ় শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। স্কুলের নির্ধারিত সময়ের বাইরে বারবার ওই ছাত্রীকে নিয়ে স্কুলে প্রবেশের অভিযোগ ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভোর কিংবা বিকেলের মতো স্কুল বন্ধ থাকার সময় ওই শিক্ষক ও নাবালিকা ছাত্রীকে স্কুলে ঢুকতে দেখা যেত। অভিযোগ, ভিতরে ঢোকার পর দরজা বন্ধ করে দেওয়া হত। বারবার এমন ঘটনা নজরে আসায় সন্দেহ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে।
সোমবার সকালে ফের একইভাবে দু’জনকে স্কুলে ঢুকতে দেখে স্থানীয়রা সেখানে জড়ো হন বলে অভিযোগ। পরে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেও পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়ে। পুলিশ শিক্ষককে উদ্ধার করতে গেলে স্থানীয়দের একাংশের সঙ্গে উত্তেজনা তৈরি হয় বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত পুলিশ শিক্ষক ও নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সত্যতা প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। শিক্ষাঙ্গনের মতো জায়গায় এমন অভিযোগ সামনে আসায় শিক্ষক-ছাত্রীর সম্পর্ক, স্কুলের নিরাপত্তা এবং কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *