বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে মালদায় ১৬ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা থানা এলাকায় ফের বিপুল পরিমাণ বেআইনি কাফ সিরাপ উদ্ধার! বিএসএফ ও মালদা থানার পুলিশের যৌথ অভিযানে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৭ হাজার ১৬৭ বোতল কাফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর বিএসএফ জওয়ান ও মালদা থানার পুলিশ পুরাতন মালদা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনী এলাকায় ওষুধ ব্যবসায়ী স্বপন দাসের বাড়িতে অভিযান চালায়। প্রায় ১২ ঘণ্টার অভিযানে সেখান থেকে ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা । পরে উদ্ধার হওয়া সিরাপ এবং স্বপন দাসকে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।শুক্রবার স্বপন দাসকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।আদালতে যাওয়ার পথে স্বপন দাস দাবী করেন, উদ্ধার হওয়া কাফ সিরাপ তার নয়। তাঁর দাবী, ছয় মাস আগে মাসিক তিন হাজার টাকা ভাড়ায় তিনি ঘরটি অন্যকে দিয়েছিলেন। পাশাপাশি তার দাবী, উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি আগে মাদক পাচারের ঘটনায় অভিযুক্ত পিন্টু সরকারের। উদ্ধার হওয়া সিরাপ কোথা থেকে এল, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *