রতুয়া গ্রাম পঞ্চায়েতে বড় দলবদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ১২ সদস্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রতুয়ায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। রতুয়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন তৃণমূল পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগ দিলেন। এদিন বিকেলে রতুয়া জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে আয়োজিত যোগদান কর্মসূচিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, মানিকচকের প্রাক্তন বিধায়ক মত্তাকিন আলম, রতুয়া ব্লক কংগ্রেস সভাপতি পরিতোষ সিনহা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থকও কংগ্রেসে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবি।যোগদান কর্মসূচি থেকে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব। মৌসম বেনজির নূর বলেন, তৃণমূল ছেড়ে রতুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য ও কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রতিটি ব্লকেই কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে বলেও দাবি করেন তিনি।নন্দীগ্রাম প্রসঙ্গে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে তাঁর অভিযোগ, কংগ্রেস প্রার্থীকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, কংগ্রেসকে যত চাপ দেওয়া হবে, দল ততই শক্তিশালী হবে। রতুয়ায় ১২ পঞ্চায়েত সদস্যের দলবদল ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *