তিন মাস ধরে টাকা নেই, অন্নপূর্ণা যোজনা নিয়ে গাজোলে মহিলাদের বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— অন্নপূর্ণার টাকা না পেয়ে বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ শতাধিক মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সোমবার গাজোল বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। এবার অফিসের বাইরে নয়, সরাসরি বিডিওর চেম্বার ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন গাজোল থানার আইসি কৌশিক ভট্টাচার্য ও মহিলা পুলিশকর্মীরা।
বিক্ষোভকারী এক বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় সংসারে অশান্তি বাড়ছে। স্বামী মারা গিয়েছেন, একমাত্র রোজগেরে ছেলেও নেই। নিজের সন্তান ও অনাথ নাতি-নাতনিদের নিয়ে চরম সমস্যায় দিন কাটছে তাঁর।
দেওতলা এলাকার রিজিয়া সুলতানার অভিযোগ, আগে মাসে দেড় হাজার টাকা পেতেন। নতুন ব্যবস্থায় একবার ৩ হাজার টাকা পেলেও গত তিন মাস ধরে আর টাকা পাননি। দ্রুত টাকা দেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বিডিও সুমন ঘোষ জানান, যোগ্য প্রত্যেক মহিলাকে টাকা দেওয়ার জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা ১৭ সেপ্টেম্বর থেকে ছাড়া শুরু হয়েছে এবং সমস্ত টাকা ছাড়তে আরও প্রায় দু’সপ্তাহ সময় লাগবে। যাঁদের ভেরিফিকেশন হয়নি, তাঁদের যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনে ফের আবেদন করার পর বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে বলেও জানান তিনি।
এদিন বিক্ষোভ সাময়িকভাবে শান্ত হলেও আগামী সোমবারের মধ্যে টাকা না পেলে ফের বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *