বাড়িতে একা যুবক, ঢুকে পড়ে দুষ্কৃতীরা! খুনের পর লুঠের অভিযোগ বাগুইআটিতে।

বাগুইআটি, নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে বাগুইআটিতে বাড়িতে ঢুকে এক যুবককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম বলরাম রাজবংশী। বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর পর তাঁকে খুন করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। একইসঙ্গে বাড়ি থেকে প্রায় দুই লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলেও দাবি পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন বলে জানা যায়। তাঁর বাবা-মা কিছু সময়ের জন্য পাশের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে বলে অভিযোগ।

অভিযোগ, বাড়িতে ঢুকে প্রথমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দুষ্কৃতীরা। এরপর যুবকের উপর হামলা চালিয়ে তাঁকে খুন করে পালিয়ে যায়। বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির আলমারি খোলা অবস্থায় পাওয়া গেলেও সেখানে টাকা-পয়সা বা গয়না কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে প্রায় দুই লক্ষ টাকা লুঠের অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এবং কারা এই ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির আশপাশের এলাকা ও অন্যান্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

খুনের নেপথ্যে লুঠের উদ্দেশ্য ছিল, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *