মালদায় আবির বাজারে গেরুয়া বনাম সবুজ, ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে দুই দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর এখন নজর ৪ মে ভোট গণনার দিকে। তার আগেই Malda জেলায় আবির বাজার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ও চাপানউতোর।
শহরের Netaji Commercial Market-এ দেখা যাচ্ছে, সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা ও বিক্রি অনেকটাই বেশি। আবির ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন ২৫-৩০ প্যাকেট পর্যন্ত গেরুয়া আবির বিক্রি হচ্ছে, যেখানে সবুজ আবিরের বিক্রি তুলনামূলকভাবে কম। এমনকি চাহিদা এতটাই বেড়েছে যে কলকাতার বাজার থেকেও পর্যাপ্ত গেরুয়া আবির সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের কথায়, আগে যেখানে ১০ কেজির একটি গেরুয়া আবিরের প্যাকেটের দাম ছিল প্রায় ১৫০ টাকা, এখন চাহিদা বৃদ্ধির কারণে তা ৪০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবুও ক্রেতাদের আগ্রহ কমেনি। অন্যদিকে সবুজ আবিরের দামে তেমন পরিবর্তন হয়নি।
এই পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজাও চরমে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসুর দাবি, দলের নির্দেশ অনুযায়ী আগেই সবুজ আবির সংগ্রহ করে রাখা হয়েছে, তাই বাজারে তার ঘাটতি দেখা দিচ্ছে। তিনি জানান, ভোটের ফল প্রকাশের দিন আকাশ-বাতাস সবুজ আবিরে ঢেকে যাবে।
অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গাঙ্গুলীর পাল্টা দাবি, এবারের নির্বাচনে গোটা রাজ্যেই ‘গেরুয়া ঝড়’ উঠবে। তাঁর কথায়, ভোট গণনার দিন রাজ্য জুড়েই গেরুয়া আবিরের দাপট দেখা যাবে।
সব মিলিয়ে ভোটের আগে আবির বাজারের এই রঙিন চিত্র এখন মালদার রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

