‘আত্রেয়ীই আমার মাতৃসমা’, বালুরঘাটে কবি সুবীর চৌধুরীর আবেগঘন কবিতা পাঠ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র আত্রেয়ী নদীকে নিয়ে স্বরচিত কবিতা ‘আত্রাই’ পাঠ করলেন ভূমিপুত্র কবি ও বাচিকশিল্পী সুবীর চৌধুরী। নিজের পঞ্চম কাব্যগ্রন্থ ‘তুঁত ফুলের রং’ থেকে এই কবিতাটি পাঠ করেন তিনি।
বালুরঘাটেরই সন্তান, উনসত্তর বছরের প্রবীণ কবি সুবীর চৌধুরী জানালেন, “আত্রেয়ী নদীর প্রাণকেন্দ্র বালুরঘাট শহরে আমার জন্ম। আত্রেয়ী নদীকে কেন্দ্র করেই আমার বেড়ে ওঠা। আত্রেয়ী নদী আমাকে ছোটবেলা থেকেই কাছে টানে। আত্রেয়ী নদী আমার মাতৃসমা। আমার কাব্যচর্চার অন্যতম উৎস এই নদী।”
কবির কথায়, আত্রেয়ীর জল, হাওয়া ও দু’পাড়ের জনজীবন তাঁর প্রতিটি কবিতায় বারবার ফিরে এসেছে। ‘তুঁত ফুলের রং’ কাব্যগ্রন্থের ‘আত্রাই’ কবিতায় বালুরঘাটের আত্রেয়ী নদীর পাশাপাশি বালুরঘাটের মাটি, মানুষ ও প্রকৃতি জীবন্ত হয়ে উঠেছে।
কাব্যপ্রেমীদের মতে, সুবীর চৌধুরীর কবিতায় আত্রেয়ী শুধু একটি নদী নয়, বালুরঘাটের সংস্কৃতি ও আবেগের প্রতীক। তাঁর দরাজ কণ্ঠে বাচিক উপস্থাপনায় নদী-কেন্দ্রিক এই কবিতা শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
উল্লেখ্য, এর আগে কবির চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘তুঁত ফুলের রং’ তাঁর পঞ্চম গ্রন্থ। বালুরঘাটের সাহিত্য চর্চায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এই প্রবীণ কবি ও বাচিকশিল্পী।

