কালিয়াচকে ওয়াইসির সভা, মমতার বিরুদ্ধে তোপ।
মালদা, নিজস্বসংবাদদাতা:– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা মাঠে জনসভা করলেন Asaduddin Owaisi।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি -কে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়াইসি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি ও মমতা ভাই-বোনের মতো কাজ করছে।”
এছাড়াও তিনি সুজাপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন। কালিয়াচক পৌরসভা গঠন, ল কলেজ স্থাপন, কালিকাপুর রেলগেট নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন ওয়াইসি। তিনি সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়নপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথা তুলে ধরেন। কটাক্ষ করে বলেন, “উন্নয়ন হয়ে থাকলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাক।”
এদিনের সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

