ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে হয়রানি, জেরক্স জমা নিয়েই সাত দিনের উদ্যোগ বাবলু ঘোষের।
ফারাক্কা, নিজস্ব সংবাদদাতা:- SIR চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। ভোট শেষ হয়ে গেলেও তাঁদের নাম ভোটার তালিকায় ফেরেনি বলে অভিযোগ। এমনকি ট্রাইবুনালে আবেদন করার পরও অনেকের আবেদন এখনও ‘পেন্ডিং’ অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীদের একাংশ।
নাম ফেরানোর জন্য BDO অফিস থেকে সংশ্লিষ্ট দফতর—বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ। বারবার প্রয়োজনীয় নথির জেরক্স জমা দিয়েও সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বিড়ি শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই হয়রানি আরও বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা সমাজসেবী বাবলু ঘোষ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তাঁর বাড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু মানুষ ভিড় করেন। তাঁদের হাতে ছিল আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স। সমস্যার সমাধানের লক্ষ্যে আজ থেকে টানা সাত দিন এই নথির জেরক্স সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।
এরপর হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাবলু ঘোষ। তাঁর দাবি, এই পরিষেবার জন্য সাধারণ মানুষের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই উদ্যোগটি পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ভোটের আগে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষের সমস্যার দিকে অনেকেই নজর দিচ্ছেন না বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে বাবলু ঘোষের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন।
তবে ভোটার তালিকায় নাম বাদ পড়া এবং ট্রাইবুনালে আবেদন পেন্ডিং থাকার বিষয়গুলি নিয়ে প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
সাত দিনের এই উদ্যোগের মাধ্যমে কতজন মানুষের সমস্যার সমাধান হয়, এখন সেদিকেই নজর ফারাক্কার বাসিন্দাদের।

