দুর্ঘটনায় দুই পা হারিয়ে লড়াই, পাশে সমাজসেবী।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জীবনের নির্মম পরিহাস যেন থমকে দিয়েছে মিদুল দাসের পথচলা। ২০২২ সালের এক ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে হারাতে হয় তাঁর দুই পা। সেই থেকে প্রতিটি দিনই তাঁর কাছে এক কঠিন লড়াই। দুই হাতের ওপর ভর করে, যন্ত্রণাকে সঙ্গী করেই এগিয়ে নিয়ে যেতে হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। পরিবার বলতে রয়েছেন বৃদ্ধ মা। অভাবই যেন তাঁদের নিত্যসঙ্গী। সংসারের হাল ধরেছেন তাঁর মা। অন্যের বাড়িতে কাজ করে অল্প আয়ে কোনওরকমে টিকে রয়েছেন। অনেক সময়ই দু’বেলা খাবার জোটানোও হয়ে ওঠে দুঃসাধ্য। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর গ্রামের এই পরিবার আজ চরম অভাব অনটনের মধ্যে দিন কাটছে তাঁদের । এই খবর জানতে পরেই আর চুপ করে থাকতে পারেননি জটেশ্বরের সমাজসেবী বাবলু রহমান।মানবিকতার টানে মঙ্গলবার দুপুরে তিনি ছুটে যান মিদুল দাসের বাড়িতে। আসন্ন পহেলা বৈশাখের প্রাক্কালে তাঁদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, সঙ্গে সামান্য আর্থিক সহায়তা করেন তিনি। অপ্রত্যাশিত এই সহায়তায় পেয়ে খুশি হন মিদুল ও তাঁর মা। বাবলু রহমান আশ্বাস দেন, “শুধু এইটুকুতেই নয় আগামী দিনেও তিনি তাঁদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন।” মানবিকতার এই ছোট্ট স্পর্শ যেন আবার মনে করিয়ে দেয় সমাজে এখনও সহমর্মিতা বেঁচে আছে, আর সেই মানবিক হাতই পারে অন্ধকারের মাঝে আলো দেখাতে।

