“ভোটাধিকার হরণের চেষ্টা”—অভিযোগ তুলে রাজপথে তৃণমূল, সরব আব্দুর রহিম বক্সী।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর-এর নামে হয়রান করছে সাধারণ মানুষকে। বুধবার এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় পথে নামল তৃণমূল। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। মালদা জেলা তৃণমূল কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করল মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলে, নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের চেয়ারপার্সন চৈতালী ঘোষ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বেই কয়েক হাজার মানুষ মালদা শহরের রাজপথে প্রতিবাদে ঝড় তোলেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। এদিনের এই মিছিলে সামিল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রান করছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা করছে। বৈধ ভোটারদের বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেই আজ তারা পথে নেমেছেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কাউকেই ছেড়ে কথা বলবেন না।

