নিয়োগের দাবিতে যুবসমাজের আওয়াজ, ফালাকাটায় বিজেপি যুব মোর্চার কর্মসূচি।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চাকরি চায় বাংলা দাবিকে সামনে রেখে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি করল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় “নিয়োগ চাই বিজেপি তাই” স্লোগানকে সামনে রেখে সাধারণ যুবক-যুবতীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের সম্পাদক অর্ণব ঘোষ, ৪ নম্বর মণ্ডলের আইটি ইনচার্জ সুকমল সাহা, আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার সম্পাদক বিললো রায়, ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার ইনচার্জ পুষ্পজিৎ বর্মন, ফালাকাটা ১ নম্বর মণ্ডলের যুব মোর্চার ইনচার্জ রঘু রায়-সহ যুব মোর্চার একাধিক কর্মী ও সমর্থকরা। যুব মোর্চা নেতৃত্বের দাবি, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে যুব সমাজ চরম হতাশার মধ্যে রয়েছে। সেই কারণেই “চাকরি চায় বাংলা” দাবিকে সামনে রেখে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগৃহীত স্বাক্ষর-সহ দাবি নবান্নে পাঠানো হবে বলে জানান নেতৃত্বরা।

