SIR-এ বাদ পড়া বৈধ ভোটারদের পুনর্ভুক্তির দাবি, ৬ অক্টোবর এসপি অফিস অভিযানে বামফ্রন্ট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৬ অক্টোবর একাধিক দাবিতে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। রবিবার মেদিনীপুরের মিরবাজারে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানানো হয়। বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন দাবির পাশাপাশি SIR-এর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিকে সামনে রেখে এই অভিযান হবে। নির্বাচন কমিশনের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক বিজয় পাল জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, জেলা পুলিশ সুপার শাসকদলের হয়ে কাজ করছেন। যদিও এটি সিপিএম জেলা সম্পাদকের রাজনৈতিক অভিযোগ। পাশাপাশি গত ১৪ সেপ্টেম্বর চন্দ্রকোনা রোডে বামপন্থীদের মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগের প্রসঙ্গও তোলেন বিজয় পাল। তাঁর দাবি, ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ এখনও কার্যকর পদক্ষেপ করেনি। ওই দিনের ঘটনাকে ঘিরে সিপিএমের তরফে বিজেপির বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল; বিজেপি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিল। আগামী ৬ অক্টোবরের কর্মসূচিতে বামফ্রন্টের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *