অজিতকাণ্ডে ফের অভিযান, শ্যালক গোবিন্দ করের বাড়িতে তল্লাশির পর গ্রেফতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে ঘিরে চলা তদন্তে এবার আরও বড় মোড়। অজিত মাইতিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর একের পর এক জায়গায় অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। এবার নিশানায় তাঁর শ্যালক গোবিন্দ কর। তাঁর বাড়িতে রাতভর তল্লাশির পর লক্ষাধিক টাকা এবং কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই গোবিন্দ করকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার সকালে অজিত মাইতির ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁর গাড়িচালক অমল ভুঁইয়া এবং প্রণব মণ্ডলের বাড়িতে অভিযান চালায় খড়্গপুর লোকাল থানার পুলিশ। তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই নথি ও ল্যাপটপে কী তথ্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এরপরই বুধবার রাতে অজিত মাইতির শ্যালক গোবিন্দ করের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। পুলিশ সূত্রের দাবি, ওই তল্লাশিতে নগদ লক্ষাধিক টাকা এবং কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও গয়নার উৎস কী, সেগুলি কোথা থেকে এল, এবং অজিত মাইতিকে ঘিরে চলা মামলার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না—এখন সেই প্রশ্নগুলিই খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের নজরে রয়েছে অজিতের ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ও ইলেকট্রনিক ডিভাইসও। ওই নথি, ল্যাপটপ এবং শ্যালকের বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও তদন্তের অংশ বলে পুলিশ সূত্রে খবর। দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই একের পর এক জায়গায় অভিযান এবং গ্রেফতারির ঘটনা সামনে আসছে বলে পুলিশ সূত্রে দাবি।
এবার অজিত মাইতির শ্যালক গোবিন্দ করের গ্রেফতারি ঘিরে তদন্তে আরও নতুন তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর। তবে উদ্ধার হওয়া টাকা ও সোনার গয়নার সঙ্গে অজিত মাইতিকে ঘিরে চলা মামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *