চিকিৎসার পরই রোগীর মৃত্যু, গড়বেতায় ‘ভুল চিকিৎসা’র অভিযোগে গ্রেফতার গণেশ দণ্ডপাট।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকায়। ঘটনায় গণেশ দণ্ডপাট নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অভিযোগ, তাঁর চিকিৎসার পরই ওই রোগীর মৃত্যু হয়। ঘটনার পর মৃতের পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে গড়বেতা আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

