বাচ্চাদের টিফিন বক্সে কোটি টাকার ব্রাউন সুগার! গাজোলে পুলিশের জালে দুই মহিলা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলা থেকে বিহারে পাচারের আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার করে বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার অন্তর্গত টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে দুই মহিলাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ।

এরপর দুই মহিলাকে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্যাগ এবং সেই ব্যাগের ভিতর থেকে দুটি বাচ্চাদের টিফিন বক্স। টিফিন বক্স খুলতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। দুটি টিফিন বক্স ভর্তি ছিল ব্রাউন সুগারে। যার পরিমাণ প্রায় এক কেজিরও বেশি।

পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি।

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি কালিয়াচক থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে।

ধৃত দুই মহিলার নাম খুশি খাতুন ও জৈনক খাতুন। ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত নয়াগ্রাম এলাকায়।

কোথা থেকে এলো এত পরিমাণ ব্রাউন সুগার, কোথায় বিক্রি হতো, এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *