পথ নিরাপত্তায় জোর, চন্দ্রকোনারোডে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে অভিযান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে এবার হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের! শহরের ব্যস্ততম এবং প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে শনিবার সকাল থেকেই শুরু হয় হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরপাকড়। রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে হেলমেট ব্যবহার না করলেই এবার পুলিশের নজরে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে এদিন বিশেষ নজরদারি চালায় ট্রাফিক পুলিশ। একাধিক হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করা হয়। আইন ভেঙে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি, যাঁরা হেলমেট ছাড়া বাইক নিয়ে যাচ্ছিলেন, তাঁদের থামিয়ে ভবিষ্যতে হেলমেট ছাড়া বাইক না চালানোর জন্য সতর্ক করা হয়। ট্রাফিক পুলিশের বক্তব্য, বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লাগার আশঙ্কা থাকে। সেই কারণেই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
চন্দ্রকোনারোড শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনই প্রচুর বাইক এবং অন্যান্য যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে এই অভিযান শুধুমাত্র জরিমানা বা আইনি পদক্ষেপের জন্য নয়, পথ নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের নজরদারি বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
পুলিশের তরফে স্পষ্ট বার্তা—বাইক নিয়ে রাস্তায় বের হলে অবশ্যই পরতে হবে হেলমেট। নিয়ম ভাঙলে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবারের পর আগামী দিনগুলিতেও চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান এবং নজরদারি চলবে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

