জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের হেফাজত বাড়ল, মেদিনীপুর আদালতের নির্দেশে আরও ৫ দিন সিআইডির হাতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ফের সিআইডি হেফাজতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়! শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দ্বিতীয়বারের জন্য সুমিত রায়কে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। দীর্ঘ সওয়াল-জবাবের পর আরও পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের দাবি, এর আগে আট দিন সিআইডি হেফাজতে থাকার সময় সুমিত রায়ের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্য আদালতের সামনে পেশ করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। শুধু সুমিত নন, এই মামলায় ধৃত অমিত ঘোষ-সহ আরও তিনজনের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে জানানো হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে সিআইডি। অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী গৌরব বসুর দাবি, সিআইডির পক্ষ থেকে আরও সাত দিনের হেফাজত চাওয়া হয়েছিল। যদিও আদালত পাঁচ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। শালবনীতে জমি জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁর বিরুদ্ধে তদন্তের সূত্র ধরেই সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, সুজয় হাজরার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, একই ধারায় সুমিত রায়ের বিরুদ্ধেও মামলা শুরু হয়েছে। এখন সিআইডির হাতে আরও পাঁচ দিনের হেফাজত। এই সময়ে তদন্ত কতটা এগোয়, আর এই জমি কেলেঙ্কারি মামলায় আরও কারও নাম সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *