রাস্তায় ঘুরছিল স্ত্রী বার্কিং ডিয়ার! রাঙ্গালিবাজনার পণ্ডিতপাড়া থেকে উদ্ধার বন্যপ্রাণী।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-লোকালয়ের রাস্তায় হঠাৎই পূর্ণবয়স্ক একটি স্ত্রী বার্কিং ডিয়ার ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাঙ্গালিবাজনায়। আজ পশ্চিম খয়েরবাড়ির পণ্ডিতপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বন্যপ্রাণীটি। মুহূর্তের মধ্যেই হরিণটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়।
পরিস্থিতি বুঝে দেরি না করে বনদপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বার্কিং ডিয়ারটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় হরিণটির যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখেন বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হরিণটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী বার্কিং ডিয়ার। লোকালয়ের কাছে চলে আসায় হরিণটি আতঙ্কিত হয়ে পড়লেও উদ্ধারের পর তার শারীরিক পরীক্ষা করা হয়। বনকর্মীরা জানান, হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এরপর বনদপ্তরের পক্ষ থেকে হরিণটিকে নিরাপদে ধুমচি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সুস্থ অবস্থায় বন্যপ্রাণীটিকে তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিতে পেরে স্বস্তি ফেরে বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
লোকালয়ের মধ্যে আচমকা বার্কিং ডিয়ারের উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তবে বনদপ্তরের দ্রুত তৎপরতায় বন্যপ্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

