জুয়ার আসরে অভিযান চালাতেই পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি! সালারে জখম একাধিক পুলিশকর্মী।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জুয়ার আসরে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার খারেরা গ্রামে। বোমার আঘাতে সালার থানার এএসআই সাদেক আলী-সহ একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারেরা গ্রামে রাতে জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে অভিযান চালাতে যায় সালার থানার পুলিশ। পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। আচমকা হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।

আহত পুলিশকর্মীদের দ্রুত উদ্ধার করে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এএসআই সাদেক আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যান্য আহত পুলিশকর্মীদেরও চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে ঠিক কারা এই বোমাবাজির সঙ্গে জড়িত এবং কী কারণে পুলিশের উপর হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *