১৭ বছরের নাবালিকার সন্তান প্রসব, নাবালিকা বিয়ের অভিযোগে গড়বেতায় গ্রেফতার ২১ বছরের যুবক।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকা বিয়ে রুখতে প্রশাসনের কড়া বার্তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পুলিশের বড়সড় পদক্ষেপ। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে ২১ বছরের যুবককে গ্রেফতার করল গড়বেতা থানার পুলিশ। অভিযুক্তের নাম রাহুল মণ্ডল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতা থানার সন্ধিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, গত বছর এক নাবালিকাকে বিয়ে করেছিলেন রাহুল। বর্তমানে ওই নাবালিকার বয়স ১৭ বছর। বুধবার গড়বেতার একটি নার্সিংহোমে ওই নাবালিকা সন্তানের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
এরপরই ঘটনার তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। তদন্তের পর সন্ধিপুর এলাকা থেকে রাহুল মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে মেদিনীপুর দায়রা আদালতের পকসো আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নাবালিকার বিয়ে কীভাবে হয়েছিল, বিয়ের সময় তার প্রকৃত বয়স কত ছিল এবং এই ঘটনায় পরিবারের কেউ বা অন্য কোনও ব্যক্তি জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
নাবালিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ রুখতে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই এই গ্রেফতারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, মুখ্যমন্ত্রী নাবালিকাদের সুরক্ষা নিয়ে সর্বদাই সচেতন এবং পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ এবং আইনের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের নজর থাকবে। পাশাপাশি, নাবালিকাদের সুরক্ষায় পরিবারকেও আরও সচেতন হতে হবে বলে জানান তিনি।

