গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত ভূতনি, হেলিকপ্টারে এলাকা পরিদর্শনে রাজেশ সিনহা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছেছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা।

বন্যার জেরে একাধিক এলাকার সঙ্গে স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। আকাশপথে বন্যাকবলিত এলাকাগুলি ঘুরে দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন রাজেশ সিনহা।

পরিদর্শনের সময় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, জলমগ্ন এলাকার পরিস্থিতি এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি ও উদ্ধারকাজ সম্পর্কেও বিস্তারিত তথ্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ভূতনিতে গঙ্গার বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পর থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছে রাজ্য প্রশাসন। স্থলপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় প্রশাসনিক তৎপরতার পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজেশ সিনহার এই পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র এবং দুর্গত মানুষের জন্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *