বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথে ফের আশার আলো, রেলমন্ত্রকের চিঠিতে উচ্ছ্বসিত কুশমণ্ডি।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলা রেল মানচিত্রে স্থান পেলেও কুশমণ্ডি এখনও রেল পরিষেবার বাইরে। দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন এলাকার বাসিন্দারা। প্রকল্পটি অনুমোদন পেলেও জমি-সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক বাধায় কাজ এগোয়নি।
সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায় বিষয়টি উত্থাপন করেন। রেলপথ সম্প্রসারণ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি লিখিত প্রস্তাবও দেন। এর পর রেলমন্ত্রকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, তাঁর প্রস্তাবগুলি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
রেলমন্ত্রকের এই বার্তা জেলায় পৌঁছতেই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন কুশমণ্ডিবাসী। তাপসবাবুর দাবি, সাংসদ সুকান্ত মজুমদার ও কার্তিক পালের উদ্যোগের পাশাপাশি তাঁর আবেদনও প্রকল্পের অগ্রগতিতে সহায়ক হবে। রেলমন্ত্রী ও রেলমন্ত্রককে এজন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

