চা বাগানে কাজের ফাঁকে বিশাল অজগর দেখে আতঙ্কিত শ্রমিকরা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চা বাগান থেকে এক বিশাল আজগর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে। বৃহস্পতিবার প্রতিদিনের মতো চা বাগানের শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাগানের ৭ নম্বর সেকশনের কাছে হঠাৎই একটি বিশাল অজগর দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দ্রুত বিষয়টি বন দপ্তরকে জানান। খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর দীর্ঘক্ষণ চেষ্টার পর বিশাল অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। বন দপ্তরের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। বনকর্মীরা জানিয়েছেন, অজগরটিকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

