নতুন বছর ও প্রতিষ্ঠা দিবস একসঙ্গে উদযাপন, করণদিঘীতে তৃণমূলের মানবিক কর্মসূচি।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে পালিত হল বিশেষ অনুষ্ঠান।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে করণদিঘী লাইব্রেরি ময়দানে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন ২০২৬ সালের নতুন বছরের ক্যালেন্ডারও উন্মোচন করা হয়। একই সঙ্গে এলাকার বয়স্ক মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় বিধায়ক গৌতম পালের নেতৃত্বে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণ রায় চৌধুরী, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা সহ করণদিঘী ব্লকের সমস্ত স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা-কর্মী ও অতিথিদের গামছা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিধায়ক গৌতম পাল নিজেই। নেতৃত্বের বক্তব্যে উঠে আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক লড়াই ও সাফল্যের কথা। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার এবং মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া হয়। উৎসব, সংগঠন এবং মানবিকতার বার্তা নিয়ে করণদিঘীতে উদযাপিত হল তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। ।

