৬০ বছরের পুরনো মোটরকালি সেতুতে ফাটল, দ্রুত সংস্কারের দাবি।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাট শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযোগকারী মোটরকালি সেতু বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেতুর রেলিংসহ একাধিক অংশে ফাটল দেখা যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাইরে থেকে আগত যাত্রীরা।
আত্রেয়ী নদীর উপর নির্মিত এই সেতুটি শহরের গুরুত্বপূর্ণ দুটি অংশকে সংযুক্ত করে। পূর্বপাশে রয়েছে বাসস্ট্যান্ড, আর পশ্চিম পাশে জেলা প্রশাসনিক ভবন, আদালত, থানা, স্কুল ও কলেজ। প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করেন। প্রায় ষাট বছর আগে নির্মিত সেতুটি মাঝে মাঝে মেরামত হলেও, বর্তমানে তা বেহাল অবস্থায় পৌঁছেছে।
মাঝেরহাট সেতু দুর্ঘটনার পর দক্ষিণ দিনাজপুরে সেতু পরিদর্শনের কাজ হলেও, তখন শুধু ব্রিজকালি সেতুকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে মোটরকালি সেতুর অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক।
সেতুটি দ্রুত বিপজ্জনক ঘোষণা করে মেরামতের দাবি উঠেছে শহরবাসী ও প্রশাসনের বিভিন্ন মহলের পক্ষ থেকে।

