বেকারত্ব দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বেকারত্ব দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই এই পথ চলা।
গত এক সপ্তাহ ধরে কলেজে চলছে একাধিক বিষয়ের উপর অ্যাড-অন কোর্সের বিশেষ কর্মশালা। প্রত্যেক ছাত্রছাত্রী যেন পড়াশোনার পাশাপাশি হাতেকলমে কাজ শিখে নিতে পারে, সেই লক্ষ্যেই এই কোর্সগুলি পরিচালিত হচ্ছে। মেকআপ, টেলারিং, সেলাই, কেক তৈরির মতো প্রশিক্ষণ ঘরে ছাত্রীদের উপস্থিতি বেশি চোখে পড়ছে, অন্যদিকে সোলার প্রযুক্তি প্রশিক্ষণে ছাত্রদের সংখ্যা বেশি। এমনকি কলেজের একটি প্রান্তে যেখানে মাশরুম চাষ হয়, সেখানেও সক্রিয়ভাবে শেখানো হচ্ছে এই কৃষিভিত্তিক উদ্যোগের কৌশল।
এছাড়াও কলেজের ইন্ডোরে চলছে যোগব্যায়ামের প্রশিক্ষণ। শুধু শরীরচর্চা নয়, এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণ তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের মতে, মন ও শরীর—উভয় সুস্থ না থাকলে কোনও মানুষ দক্ষ নাগরিক হয়ে উঠতে পারে না।

