বিশ্ব পরিবেশ দিবসের মহতী উপলক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ৫ জুন, ২০২৫ :: বিশ্ব পরিবেশ দিবসের মহতী উপলক্ষ্যে মালদা জেলার মালতিপুর ব্লকের ক্ষেমপুর অঞ্চলে রুদ্রলোক জনসেবা সংঘের তরফ থেকে আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সচেতন যুবসমাজের সদস্যরা।
এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চড়োলমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চড়োলমনি ভারতমাতা শিশু শিক্ষা কেন্দ্র, প্রয়াস একাডেমী, এবং মঙ্গলদীপ শিক্ষা নিকেতন। বিদ্যালয়গুলোর শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শুধু বিদ্যালয় চত্বরে নয়, ক্ষেমপুর এলাকার বিভিন্ন মন্দির প্রাঙ্গণ, শ্মশান এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বৃক্ষরোপণ করা হয়। এতে করে সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়োলমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক উদয় ঘোষ মহাশয়। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি যুবসমাজকে পরিবেশ রক্ষায় আরও উদ্যোগী হতে আহ্বান জানান।

সঙ্গে উপস্থিত ছিলেন ক্ষেমপুর অঞ্চলের বিশিষ্ট যুব সমাজের সচেতন সদস্যগণ, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও সংগঠনের মাধ্যমে আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগ আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে মনে করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু একটি দিনের পালন নয়, বরং বছরের প্রতিটি দিন পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত থাকাই হোক আমাদের সকলের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *