ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কোতওয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায়,আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আক্রান্ত পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে গত দুদিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের। এরপর পুলিশী মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে। অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পর রাগের বসে শনিবার দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দুজন। অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। ঘটনাটি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দুজনকে আটক করেছে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ। আক্রান্তের তরফে এখনো লিখিত অভিযোগ না জানানো হলেও স্বতপ্রণোদিত হয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হতে পারে কলকাতায়,খবর হাসপাতাল সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *