গ্যাস সিলিন্ডারে জল, বারবার জানানোর পরে ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল ড্রিষ্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল দল।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্যাস সিলিন্ডারে জল। বারবার জানানোর পরেও গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর। অবশেষে বুধবার বালুরঘাট শহরে থাকা গ্যাস ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল ড্রিষ্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল। জেলা শাসকের নির্দেশে গঠিত এই দলে রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফুড সেপটি বিভাগ এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তর। খতিয়ে দেখা হয় যাবতীয় নথি এবং সিলিন্ডার। জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে,
ডিস্ট্রিবিউটের বিরুদ্ধে গত অক্টোবর মাস থেকে নিয়মিত অভিযোগ জমা পরছিল। সেখানে বলা হয়, গ্যাস ভর্তি সিলিন্ডার কেনার পর সামান্য কিছুদিন চলে। অথচ সিলিন্ডারের ভেতরে তরল কিছু রয়েছে তা বোঝা যায়। পরীক্ষা করে দেখা যায় জলে ভর্তি সেটি। এরপর ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার বদলে দেওয়ায় আবেদন দিয়েছেন বহু গ্রাহক। কিন্ত গত অক্টোবর থেকে এযাবৎ বহু অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদলে দেওয়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি এনিয়ে অভিযোগ দায়ের হয় খোদ জেলা শাসকের কাছে। এরপরেই নড়েচড়ে বসে
ড্রিষ্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল নামে যৌথ দলটি। অবশেষে এদিন হানা মারা হয় শহরের ওই ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে। দ্রুত প্রতিটি অভিযোগকারী গ্রাহকের সিলিন্ডার বদল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সতর্ক করা হয় কর্তৃপক্ষকে।

