বাবা-ছেলের খুনে শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা, বাড়িতে পৌঁছে পাশে থাকার আশ্বাস মানিক সরকারের।
নিজস্ব সংবাদদাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দের মাঝেও শোকের ছায়া হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারে। ২০২৫ সালের এপ্রিল মাসে বাবা ও ছেলের খুনের ঘটনায় এই পরিবারে নেমে এসেছিল গভীর শোক। উৎসবের মরসুমে সেই পরিবারের পাশে দাঁড়াতে শনিবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে পৌঁছন বিজেপি নেতা মানিক সরকার-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন বিজেপি নেতৃত্ব। কঠিন সময়ে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা।
পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্গাপুজোর মতো বড় উৎসব চললেও তাঁদের খোঁজ নিতে কোনও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। তাঁদের এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে, শনিবার জাফরাবাদ এলাকায় দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিজেপি নেতা মানিক সরকার। এই কর্মসূচিতে শতাধিক মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের সদস্যদের হাতেও পুজোর নতুন পোশাক তুলে দেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মানিক সরকার, প্রকাশ পাণ্ডে, নবীন ভগত-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
উৎসবের আনন্দের মাঝেও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনমতো মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি নেতৃত্ব। একদিকে বাবা-ছেলেকে হারানো পরিবারের প্রতি সমবেদনা, অন্যদিকে অসহায় মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ—এই দুই কর্মসূচিকে ঘিরেই এদিন এলাকায় আলোচনা শুরু হয়েছে।

